ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসির পক্ষ থেকে এই ব্রিফিং করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ব্রিফিংয়ে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সামনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরবে কমিশন।
এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক মিলিয়ে প্রায় ৫০০ জনের মতো প্রতিনিধি বাংলাদেশে আসবে। তাদের অবস্থান ও তথ্য সংগ্রহের সুবিধার্থে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকবেন। বিদেশি প্রতিনিধিদের নির্বাচন সংক্রান্ত সব ধরনের তথ্য ও কারিগরি সহায়তা দিতে কাজ করছে ইসির জনসংযোগ বিভাগ।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই চার্টার নিয়ে দেশব্যাপী গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহের কথা মাথায় রেখেই ইসি এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করেছে।
