যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের কাছে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের কাছে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলার মাঠে ধানের শীষের জনসভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, একটি দল এই নির্বাচনে সমস্যা তৈরি করছে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়। একাত্তরে এই দলটি আমাদের স্বাধীনতায় বিরোধীতা করেছিল। তারা এ দেশের মানুষের কল্যাণ চায় না বলেই বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে। পত্রিকায় দেখলাম হেফাজতের আমির বলেছে জামায়াত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নয়। চরমোনাই পীর সাহেব তাদের থেকে বেরিয়ে বললেন এর চেয়ে মিথ্যাবাদী দল আর নেই। আমাদের বলতে হয় না তাদের সাথে যারা ছিলো তারাই বলছে দলটি কেমন।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে তারা জানে এই দলটির রগতকাটা অভ্যাস আছে। আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদের তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না। বিএনপিই পারে একমাত্র স্থিতিশীল অর্থনীতি বিনির্মাণ করতে এবং দেশে সামনের দিকে এগিয়ে নিতে। জামায়াত ইসলামের সেই ভূমিকা কোনোদিনই ছিল না। ভবিষ্যতে তারা সেটি করতেও পারবে না। তাই তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে তিনি ধানের শীষ পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনিত প্রার্থী দলটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের হাতে তুলে দেন। পরে তিনি একই আসনের বোদা উপজেলায় ধানের শীষের জনসভায় যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত