অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারার ঘটনায় জামায়াতের নিন্দা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

পটুয়াখালীতে অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। দলটির মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা এ ন্যক্কারজনক ও বর্বর হামলায় গভীর ক্ষোভ, দুঃখ ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল রবিবার মহিলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, স্থানীয় জামায়াতে ইসলামীর একজন দায়িত্বশীল ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে অপহরণ এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী যিনি নিজেও চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগীয় দায়িত্বশীল। উনার পেটে লাথি মারা মানবতা ও সভ্যতার ইতিহাসে এক জঘন্যতম কলঙ্ক। বিএনপির সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এ অপরাধের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপহৃত জামায়াত নেতার দ্রুত সন্ধান ও মুক্তি, আহত দম্পতির যথাযথ চিকিৎসা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত