পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরের কাছে আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেনে এক্সট্রা ডোজ কেবল সেতুর শাটারিং ভেঙে রাসেল হাওলাদার (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে বরিশাল পাঠানো হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রাম সংযোগকারী আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুর পূর্ব অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদারের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে। আহতদের মধ্যে আলম (৪০) ও রঞ্জু (৩৫) গাইবান্ধা জেলার এবং রাকিবুল হাসান (৩৫) শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা সেতুর শাটারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ শাটারিং ভেঙে নিচে পড়ে গেলে রাসেল হাওলাদার চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আলম, রঞ্জু ও রাকিবুল হাসান গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহত ও নিহতকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘রাসেল হাওলাদার ঘটনাস্থলেই মারা গেছেন। তার শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে, বিশেষ করে মাথায় মারাত্মক জখম হয়েছে। আহত রঞ্জু ও রাকিবুল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলম নামে অপর এক শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন লিমিটেড (সিসিইসিসি) যৌথভাবে এ সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
