জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপির নেতৃত্বের বিকল্প নেই: ড. মোশাররফ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভাগ্যোন্নয়নে বিএনপির নেতৃত্বের কোনো বিকল্প নেই। এটি আজ প্রমাণিত সত্য। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিএনপির রয়েছে সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমরা গড়ে তুলব একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ জান-মালের নিরাপত্তা পাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দুপুর ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা জনসভা মাঠে আসতে থাকেন। গৌরীপুর কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে এবং বিশাল জনসমুদ্রে রূপ নেয়। অনেক উৎসাহী মানুষ উঁচু গাছ ও ভবনের ছাদে উঠে ড. মোশাররফ হোসেনের বক্তব্য শোনেন।

তিনি আরও বলেন, সরকার পরিচালনায় বিএনপির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত অভিজ্ঞতা ও সুনাম, যা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। বিএনপি একটি পরীক্ষিত, খাঁটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল। জনগণ বিএনপির ওপরই আস্থা রাখে। ধানের শীষের দল যখনই রাষ্ট্রক্ষমতায় থাকে, জনগণের মধ্যে স্বস্তি ও উৎসাহ বিরাজ করে।

ড. মোশাররফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন গণমুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। রাষ্ট্রক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ করা হবে। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দোষারোপের রাজনীতি পরিহার করে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ড. মোশাররফ আরও বলেন, বিএনপি অতীতে বিরোধী দল বা সরকার—যেখানেই থাকুক না কেন—দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিএনপি কখনো কোনো আপস করেনি।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব মো. কাউসার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে। দেশে উন্নয়ন হবে, মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করবে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী এবং কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত