মাদারীপুর-১ আসনের বিএনপি প্রার্থী

টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে তাকে বেঁধে রাখবেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ এএম

টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে তাকে বেঁধে রাখবেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তার।

তিনি বলেন, আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো।

প্রচারনার শেষ দিনে সোমবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন।

বিএনপির নমিনেশন পেতে তাকে টাকাও খরচ করতে হয়নি জানিয়ে তিনি বলেন, আমার রাজনৈতিক আরএস (ভূমি জরিপ), সিএস (ক্যাডাস্ট্রাল জরিপ) ও মাঠের কর্মকাণ্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্যতায় লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।

বক্তব্যকালে ভোটারদের উদ্দেশে প্রার্থী নাদিরা আক্তার বলেন,  ১২ তারিখ জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।

জনসভায় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত