মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ারেন্টভুক্ত নেতা তোতা তস্তারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যশে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সেনা বাহিনী।
গ্রেপ্তার তোতা তস্তার ছিলারচর এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোতা তস্তার এমন খবরে তার ওপর নজরদারি চালানো হচ্ছিল। এক পর্যায়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছিলারচর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।
অভিযানে নেতৃত্ব দেন মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ার। এছাড়া নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
