আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রোধ ও ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ১০১ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে মহড়ায় মহড়ায় ৩৩ পদাতিক ডিভিশনের প্যারা কমান্ডো সদস্যসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ায় দেখানো হয় একটি ভোট কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদানের সময় আচমকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অবৈধভাবে কেন্দ্রটির দখলে নিতে যায়। তারা উপস্থিত ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজস্ব যানসহ সশস্ত্র অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তারা দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের নিভৃত করে ভোট কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করেন। অভিযান চালানোর সময় আহত সেনা সদস্যসহ অন্যান্য আহতদের উদ্ধারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনে আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্রে রয়েছে যার মধ্যে ৫৭৪ টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
