গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় বাবার অভিযোগ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক অসহায় বাবা। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম সরকার স্থানীয় থানায় এই অভিযোগ করেন।

আব্দুল হাকিম সরকার জানান, তার একমাত্র ছেলে রাশিক মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। সে মাদক বিক্রির পাশাপাশি সেবনও করে। তাকে অনেকবার সাবধান করা হলেও কোন কথা শোনে না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ঘরের জিনিসপত্র, এমনকি মোবাইল ফোনও চুরি করে বিক্রি করেছে মাদকের টাকার জন্য। এখন আমরা ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরো বলেন, ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে বলেছি কিন্তু কেউ কিছু করতে পারেনি। এখন বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। চাই, প্রশাসন তাকে আটক করে চিকিৎসা ও আইনের আওতায় নিয়ে আসুক। 

স্থানীয়রা জানান, রাকিব মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে স্থানীয় কিছু মাদক কারবারির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পড়েছে। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন রাশিকের বাবা তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

এদিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন মাদকাসক্ত রাশিকসহ স্থানীয় মাদকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে, পরিবার ও সমাজ রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত