মানবতাবিরোধী অপরাধ: সালমান-আনিসুল হকের বিচার শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দমনে ব্যাপক হত্যাকাণ্ডসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। প্রসিকিউশনপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামী ২২ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

এদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সালমান এফ রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন— এমন তথ্য মিথ্যা বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে, সালমান এফ রহমান পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন যা সঠিক নয়। আইনজীবী বলেন, আজ সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে তিনি আইনজীবীর মাধ্যমে বিষয়টি অবগত হন। এ বিষয়ে তার (সালমান এফ রহমান) বক্তব্য হলো ভোট প্রদানের তথ্যটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

অ্যাডভোকেট পলাশ বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে পূর্বেই রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু তিনি কোনো রেজিস্ট্রেশন করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত