পিএসএলে প্রথম নিলাম আজ, বাংলাদেশি ক্রিকেটার ৫৩ জন—জেনে নিন নিয়ম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই প্রথমবারের মতো খেলোয়াড় নির্বাচন হবে নিলাম পদ্ধতিতে। আজ লাহোরে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হচ্ছে এই নিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজিত নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ক্রিকেটার আছেন ৫৩ জন।

এর আগে পিএসএলে খেলোয়াড় নেওয়া হতো ড্রাফট পদ্ধতিতে। তবে এবার নিলাম চালু করায় খেলোয়াড়দের ভিত্তিমূল্যের ওপর চারটি ক্যাটাগরি নির্ধারণ করেছে পিসিবি।

চারটি ভিত্তিমূল্য ক্যাটাগরি হলো—
৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি,
২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি,
১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি এবং
৬০ লাখ পাকিস্তানি রুপি।

নিলামের সময় সর্বনিম্ন বিড বৃদ্ধির হারও নির্ধারণ করা হয়েছে। ১ কোটি ১০ লাখ রুপির কম বিডে সর্বনিম্ন বৃদ্ধি হবে ২ লাখ ৫০ হাজার রুপি, ২ কোটি ২০ লাখ রুপির কম বিডে ৫ লাখ রুপি, ৪ কোটি ২০ লাখ রুপির কম বিডে ১০ লাখ রুপি এবং ৪ কোটি ২০ লাখ রুপির বেশি বিডে সর্বনিম্ন বৃদ্ধি ধরা হয়েছে ১৫ লাখ রুপি।

নিলামে কোনো দলে সুযোগ না পাওয়া খেলোয়াড়রা পরবর্তীতে যুক্ত হতে যাওয়া দুটি নতুন দলের জন্য উন্মুক্ত থাকবেন। এই দুটি নতুন দল চারজন করে খেলোয়াড় নিতে পারবে।

নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি পাকিস্তানি রুপি। তবে দলগুলো চাইলে এমন একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারবে, যিনি গত মৌসুমে পিএসএলে খেলেননি। সে ক্ষেত্রে বাজেট বাড়িয়ে সর্বোচ্চ ৫০ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত করা যাবে। বিদেশি খেলোয়াড় চুক্তির ক্ষেত্রে আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত পিসিবি।

প্রতিটি দলকে ন্যূনতম ১৬ জন ও সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। স্কোয়াডে বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন কমপক্ষে পাঁচজন এবং সর্বোচ্চ সাতজন। প্রতিটি ম্যাচের একাদশে অন্তত তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো।

একই সঙ্গে প্রতিটি স্কোয়াডে অন্তত দুজন অনূর্ধ্ব–২৩ বয়সী আনক্যাপড খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। ম্যাচের একাদশে অন্তত একজন অনূর্ধ্ব–২৩ আনক্যাপড খেলোয়াড় খেলাতে হবে।

নিলামে চুক্তির মেয়াদ হবে দুই বছর। চলতি মৌসুম শেষে প্রতিটি দল সর্বোচ্চ সাতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। ২০২৭ সালের পিএসএলের পর অনুষ্ঠিত হবে মেগা নিলাম, যেখানে নিলামের আগে পাঁচজন খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকবে।

 

বাংলাদেশের যাঁরা আছেন



ভিত্তিমূল্য: ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি
‎১. সাকিব আল হাসান, ২. মুশফিকুর রহিম, ৩. জাকির হাসান

ভিত্তিমূল্য: ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি
‎৪. রিশাদ হোসেন, ৫. হাসান মাহমুদ, ৬. জিশান আলম, ৭. লিটন দাস, ৮. মাহফুজুর রহমান, ৯. মাহমুদুল হাসান, ১০. নাহিদ রানা, ১১. তানভীর ইসলাম, ১২. মেহেদী হাসান মিরাজ, ১৩. মোসাদ্দেক হোসেন, ১৪. নাজমুল হোসেন, ১৫. পারভেজ হোসেন, ১৬. নুরুল হাসান, ১৭. রিপন মণ্ডল, ১৮. মেহেদী হাসান, ১৯. শামীম হোসেন, ২০. শরীফুল ইসলাম, ২১. তাইজুল ইসলাম, ২২. তানজিদ হাসান, ২৩. তাসকিন আহমেদ, ২৪. তাওহিদ হৃদয়, ২৫. ইয়াসির আলী

ভিত্তিমূল্য: ৬০ লাখ পাকিস্তানি রুপি
‎২৬. আব্দুল গাফফার সাকলাইন, ২৭. আবু হায়দার, ২৮. আফিফ হোসেন, ২৯. আহরার আমিন, ৩০. আকবর আলী, ৩১. আলিস আল ইসলাম, ৩২. আরিফুল ইসলাম, ৩৩. জাকের আলী, ৩৪. খালেদ আহমেদ, ৩৫. মাহিদুল ইসলাম, ৩৬. নাসির হোসেন, ৩৭. সাব্বির রহমান, ৩৮. মেহরব হোসেন, ৩৯.  মাহফিজুল ইসলাম, ৪০. মৃত্যুঞ্জয় চৌধুরী, ৪১. মোহাম্মদ নাঈম, ৪২. মোহাম্মদ সাইফউদ্দিন, ৪৩. মুকিদুল ইসলাম, ৪৪. নাসুম আহমেদ, ৪৫. নাঈম হাসান, ৪৬. রকিবুল হাসান, ৪৭. রুবেল হোসেন, ৪৮. সাব্বির হোসেন, ৪৯. সাদমান ইসলাম, ৫০. শাহাদাত হোসেন, ৫১. সৌম্য সরকার, ৫২. তানজিম হাসান, ৫৩. ওয়াসি সিদ্দিকী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত