কাটা পাইপ ও ভোটার তালিকাসহ জামায়াত সমর্থক আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

পটুয়াখালীর বাউফলে বস্তাভর্তি বিপুল পরিমাণ কাটা পাইপ, জামায়াতে ইসলামীর প্রার্থীর লিফলেট ও ভোটার তালিকাসহ কয়েকজন জামায়াত সমর্থককে আটক করেন বিএনপি সমর্থক ও স্থানীয় জনগণ। এ সময় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে এক যুবক ঘটনাস্থলে এসে স্থানীয়দের ওপর চড়াও হলে পরিস্থিতি চরম উত্তেজনাকর হয়ে ওঠে। পরে জানা যায়, ওই ব্যক্তি সেনাবাহিনীর সদস্য নন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের শেষ দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, আটক ব্যক্তিদের কাছে কাটা পাইপ, জামায়াত প্রার্থীর লিফলেট ও ভোটার তালিকা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। পরে জামায়াতের কয়েকজন দায়িত্বশীল নেতা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আলাপ করেন ও শান্ত থাকতে বলেন। কিন্তু এতে  আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি সমর্থকসহ স্থানীয় জনগণ।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ জামায়াত নেতৃবৃন্দ ও আটক ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে একটি পুলিশ ভ্যানে তোলে। তবে এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের ভ্যানের সামনে বসে পথরোধ করেন। তাদের অভিযোগ, সংঘর্ষ সৃষ্টির উদ্দেশ্যেই জামায়াতের লোকজন কাটা পাইপ বহন করছিল। পুলিশের ওপর আস্থা না থাকার কথা জানিয়ে তারা সেনাবাহিনী ঘটনাস্থলে না আসা পর্যন্ত পথ ছাড়বেন না বলে ঘোষণা দেন।

এ অবস্থায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী এক যুবক স্থানীয়দের ওপর চড়াও হয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও বিএনপি সমর্থকদের হস্তক্ষেপে ভুয়া সেনা পরিচয়ধারী যুবক ও জামায়াত সমর্থকরা হামলা থেকে রক্ষা পান।

প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে ভুয়া পরিচয়ধারী যুবক জানান, তার নাম জুনায়েদ। তিনি সাবেক আনসার সদস্য এবং বর্তমানে বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা।

ঘটনার সার্বিক সমাধানে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুকে অবহিত করে। তিনি ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভুয়া সেনা পরিচয় প্রদানকারী যুবকসহ কাটা পাইপ বহনকারী একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে উদ্বেগ ও আশঙ্কা দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত