রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি আখের আলী (৩৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখের আলী আনসার-ভিডিপিতে নির্বাচনি ডিউটি দেওয়ার আশ্বাস দিয়ে গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা সংগ্রহ করেন। প্রায় ১০ দিন আগে তিনি এ টাকা নেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন পার হলেও ডিউটির কোনো কাগজপত্র বা নিয়োগ সংক্রান্ত তথ্য না পাওয়ায় তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। মঙ্গলবার
(১০ ফেব্রুয়ারি) বিকেলে এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর স্থানীয় ভাবে তাকে মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়।
গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকেও এক হাজার টাকা নেওয়া হয়েছে। ডিউটির কথা বলে টাকা নিলেও কোনো
ডিউটি দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে আখের আলী টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তকে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন স্পেশাল ইউনিট