কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্র সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পেছন থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বানিায়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে পাওয়া এসব বোমা সাদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় রাজমিস্ত্রী মো. ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন ধানের শীষ প্রার্থীর নির্বাচনী অফিসের পার্শ্বস্থ জনৈক মতিন মাস্টারের নেপিয়ার ঘাস খেতের মধ্যে দুটি বাজারের ব্যাগে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি সন্দেহ হলে তিনি স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রতক্ষ্যদর্শী মো. ফরিদ খান বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে ওই অফিসের পাশে প্রসাব করতে গিয়ে দেখি ওখানে দুইটা বাজারের ব্যাগ সুন্দর করে বাঁধা রয়েছে। এটা দেখে অন্যান্য লোকজনকে খবর দেই। পরে তারা পুলিশকে জানায়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে সাথে সাথে চলে আসি। ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগ থেকে ৪টা বড় ও ৬টি ছোট সাইজের লাল টেপ পেঁচানো বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করে অধিকতর পরীক্ষা নিরিক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগে লাল টেপ পেঁচানো অবস্থায় ৯/১০টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে কুমারখালী থানায় সৌপর্দ করা হয়েছে। সেগুলো প্রকৃত অর্থে সক্রিয় কোন বিষ্ফোরক কিনা তা অধিকতর পরিক্ষা নিরিক্ষা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
