প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের মাঠে শেষ মুহূর্তের নাটকীয় গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নামা বেঞ্জামিন সেসকোর ৯৬তম মিনিটের গোলে ১-১ ড্র করে মাইকেল ক্যারিকের অধীনে টানা জয়ের ধারার ইতি টানলেও অপরাজিত থাকার রেকর্ড বজায় রেখেছে ইউনাইটেড। অন্যদিকে ঘরের মাঠে নিউক্যাসলের কাছে ২-১ ব্যবধানে হেরে লিগ টেবিলের ১৬ নম্বরে নেমে গেছে টটেনহ্যাম হটস্পার, অবনমন শঙ্কা আরও ঘনীভূত হয়ে তাদের।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের বড় অংশজুড়েই নিজেদের ছন্দ খুঁজে পায়নি ম্যানইউ। বিরতির পর ৫০তম মিনিটে জ্যারড বোয়েনের ক্রস থেকে টমাস সুচেকের গোলেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। পরে ক্যাসেমিরোর একটি গোল ভিএআর পর্যালোচনায় অফসাইডের কারণে বাতিল হয়।
সময় গড়াতে গড়াতে ওয়েস্ট হ্যাম যখন গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের স্বপ্ন দেখছিল, তখনই নাটকীয়ভাবে ম্যাচে ফেরে ইউনাইটেড। ৯৬তম মিনিটে ব্রায়ান এমবুয়েমোর ক্রস থেকে কাছের পোস্টে দারুণ ফ্লিকে গোল করে দলকে হার থেকে বাঁচান সেসকো। লাইপজিগ থেকে আসার পর ইউনাইটেডে বাজে শুরু হলেও সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ফিরেছেন স্লোভেনিয়ান এই ফরোয়ার্ড। শেষ ছয় ম্যাচে এটি তাঁর পঞ্চম গোল।
এই ড্রয়ের ফলে ইউনাইটেড লিগ টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে। তবে ক্যারিকের অধীনে চার ম্যাচের টানা জয়ের পর এই প্রথম পয়েন্ট হারাল তারা।
ম্যাচ শেষে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক স্বীকার করেছেন, আক্রমণভাগে ধারাল সিদ্ধান্তের অভাব ছিল তাঁর দলের। ক্যারিক বলেন, “আমরা সেরা অবস্থায় ছিলাম না। বিশেষ করে ফাইনাল থার্ডে আমাদের খেলায় প্রয়োজনীয় ধার ছিল না। এমন ম্যাচেই পথ খুঁজে নিতে হয়। একটু হতাশ তো বটেই।”
অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ঘরের মাঠে নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরে লিগ টেবিলের ১৬ নম্বরে নেমে গেছে স্পার্স।
প্রথমার্ধের যোগ করা সময়ে মালিক থিয়াও নিউক্যাসলকে এগিয়ে দেন। বিরতির পর ৬৪তম মিনিটে আর্চি গ্রে সমতা ফেরালেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই জ্যাকব র্যামসি গোল করে আবার এগিয়ে দেন অতিথিদের। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। চলতি মৌসুমে নিজেদের মাঠে ১৩ ম্যাচের মধ্যে ১১টিতেই জয় না পাওয়ায় টটেনহ্যামের সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন কোচ থমাস ফ্র্যাঙ্ক। ম্যাচ চলাকালেই গ্যালারি থেকে ওঠে, “তোমাকে সকালে বরখাস্ত করা হবে”—এই স্লোগান। সত্যিই তাই হয়েছে।
লিগে ২০২৬ সালে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি টটেনহ্যাম। তাদের শেষ লিগ জয় ছিল গত বছরের ২৮ ডিসেম্বর। বর্তমানে অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা দলগুলোর সঙ্গে তাদের ব্যবধান মাত্র পাঁচ পয়েন্ট।
চেলসি দুই গোলের লিড হারাল
স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-০ এগিয়েও জয় ধরে রাখতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। জোয়াও পেদ্রোর গোল ও কোল পামারের পেনাল্টিতে চেলসি আরেকটি টানা জয়ের পথে ছিল। তবে মইসেস কাইসেডোর বেপরোয়া চ্যালেঞ্জে পাওয়া পেনাল্টি থেকে লুকাস নেমেচা গোল করলে ম্যাচে ফেরে লিডস। মাত্র কয়েক মিনিট পর গোলমুখে জটলার মধ্যে নোয়াহ ওকাফর সমতাসূচক গোল করেন।
যোগ করা সময়ে খালি পোস্টে গোল মিস করেন কোল পামার—যার পর হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন চেলসির কোচ লিয়াম রোজেনিয়র।
এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াই আরও জমে উঠেছে। ইউনাইটেড ও চেলসি—দু’দলই পয়েন্ট হারানোয় বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুল জিতলে শীর্ষ চারের দৌড় আরও টানটান হয়ে উঠতে পারে।
এভারটনের স্বপ্নে ধাক্কা
হিল ডিকিনসন স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে এভারটন। বিরতির আগে ইলিমান এনদিয়ায়ের পেনাল্টিতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে রায়ান ও আমিন আদলির গোলে ম্যাচ ঘুরে যায়।
এই জয়ে বোর্নমাউথ পয়েন্টে অষ্টম স্থানে থাকা এভারটনের সমান হয়েছে। ২০১৭ সালের পর প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন দেখছিল এভারটন—এই হারে সেই সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে গেল।
রিশাদ এবার রাওয়ালপিন্ডিতে, সাকিব-মিরাজ-রানাদের কিনলো না কেউ
কী অবিশ্বাস্য ম্যাচ: ডাবল সুপার ওভারে আফগানদের হারালো দক্ষিণ আফ্রিকা