পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে রেজাউল করিমকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হয়েছে। তবে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
