প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মিলছে না, ইসিতে অভিযোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স পেলেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। এ নিয়ে একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দীন গতকাল বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর দেওয়া চিঠিতে অভিযোগ করেছেন, তিনি বিচারিক আদালত পরিচালনার জন্য স্ট্রাইকিং ফোর্স চেয়ে সংশ্লিষ্ট একটি বাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর চিঠি দিয়েছিলেন। তবে ক্যাম্প কমান্ডার রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা ছাড়া তাকে কোনো ফোর্স দিতে পারবেন না বলে জানিয়েছেন। তাকে পুলিশ সুপারের পক্ষ থেকে একজন পুলিশ সদস্য দেওয়া হয়েছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান চিঠি দেন। তার দেওয়া চিঠিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স চেয়ে গত ৮ জানুয়ারি তিনি সংশ্লিষ্ট একটি বাহিনীর ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার বরাবর চিঠি দেন। তবে কমান্ডার তাকে ফোন করে জানান, তিনি স্ট্রাইকিং ফোর্স দিতে পারবেন না। এরপর এই ম্যাজিস্ট্রেট দুজন পুলিশ দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন না জানিয়ে প্রয়োজনীয় ফোর্স দিতে সংশ্লিষ্ট আরেকটি বাহিনী ও নির্বাচন কমিশন বরাবর চিঠি দেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনে চিঠি দেওয়ায় সংশ্লিষ্ট একটি ক্যাম্পের কর্মকর্তা বিচারক হাসান ইমরানকে ফোন করে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত