মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে ভোটকেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন ও বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন জয় বেপারি, মো. ইকবাল, মো. জুয়েল, আব্দুল জব্বার ও মাহমুদুল হাসান সোহাগ।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৫টার দিকে ভোটকেন্দ্রের বাইরে ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান সোহাগ ও বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদারের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মাহমুদুল হাসান সোহাগ বলেন, বিএনপি প্রার্থীর সমর্থক জাকির জমাদারের নেতৃত্বে ভোটকেন্দ্রে পোস্টার ও ব্যানার লাগাচ্ছিল। আচরণবিধি ভঙ্গ হবে বিধায় ওই পোস্টার ও ব্যানার লাগাতে নিষেধ করতেই আমাদের লোকজনের ওপর হামলা চালায় বিএনপি প্রার্থীর লোকজন।
বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের সমর্থক জাকির জমাদার বলেন, আমরা ভোটকেন্দ্রে গেলে যুবদলের বহিষ্কৃত নেতা সোহাগের লোকজন চড়াও হয়। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, সংঘর্ষ হয়নি। কথা-কাটাকাটি হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
