‘ভোট দিয়া ভাল্লাগতাছে, আমরা শান্তি চাই’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম

‘ভোট দিয়া ভাল্লাগতাছে। আমরা শান্তিপূর্ণ ভোট চাই, দেশে শান্তি চাই।’—ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় এভাবেই নিজের মনের আকুতি প্রকাশ করছিলেন মিন্টু মিয়া নামে এক সাধারণ ভোটার। কেবল মিন্টু মিয়া নন, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকার সাধারণ ভোটারদের কণ্ঠে আজ একই সুর প্রতিধ্বনিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে এক উৎসবমুখর চিত্র। ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই, অর্থাৎ সকাল সাড়ে ৭টার আগে থেকেই ভোটাররা কেন্দ্রে জড়ো হতে শুরু করেন। শীতের সকাল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের সুশৃঙ্খলভাবে অপেক্ষা করতে দেখা যায়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা চোখে পড়ার মতো। ভোর থেকেই পুরো নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

নিরাপত্তা বাহিনীর এই কড়া নজরদারির ফলে ভোটারদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে প্রধান প্রত্যাশা হলো স্থিতিশীলতা। ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ একাধিক ভোটার জানান, তারা এমন এক নেতৃত্ব প্রত্যাশা করেন যারা দেশের উন্নয়নের পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখবে। যাত্রাবাড়ীর এই কেন্দ্রটিতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়, যারা অত্যন্ত উৎসাহের সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা আশা করছি দিনভর এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত