ভোলার করিমজান মহিলা মাদ্রাসা ভোটকেন্দ্রে দিনের শুরুতেই প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছেন ৮৩ বছর বয়সী মোছা. আনোয়ারা বেগম। মঙ্গলবার সকালে কেন্দ্রে এসে তিনি শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
কেন্দ্র সূত্রে জানা যায়, তার জন্ম তারিখ ১৭ ফেব্রুয়ারি ১৯৪২। সেই হিসেবে বর্তমানে তার বয়স ৮৩ বছর। বয়সের ভার উপেক্ষা করে ভোট দিতে আসায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপস্থিত ভোটারদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়।
ভোটার আনোয়ারা বেগম বলেন, আমি বুড়ো মানুষ, তবু ভোট দিতে পারছি—এতে আমি অনেক খুশি। সবাই যেন কেন্দ্রে এসে নিজের ভোট দেয়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভোট দেওয়া ভোটারদের সাংবিধানিক ও নাগরিক অধিকার, তাই সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
