শ্যামপুরে নিজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-৪ আসনের প্রার্থী রবিন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এরই মধ্যে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে তিনি রাজধানীর কদমতলী এলাকার শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তানভীর আহমেদ রবিন বলেন, আজ সমগ্র জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে।

তিনি জানান, কেন্দ্রে প্রবেশের সময় কয়েকজন ভোটার তার কাছে অভিযোগ করেন যে ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন বলেও জানান। বিষয়টি জানার পর তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ পরিচালনার অনুরোধ করেন।

এর আগে তিনি তার নির্বাচনী এলাকার ৬৯ নম্বর ওয়ার্ডের বাকচোর কেন্দ্র পরিদর্শন করেন বলে জানান। সেখানে ভোটারদের উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষ উচ্ছ্বাস নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে জেনেছেন যে এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটগ্রহণ শুরুর পরপরই সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে তার অভিমত।

এদিকে দীর্ঘ বিরতির পর দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়। অনেকেই ফজরের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত