সারি যেন শেষ হয় না

ঢাকা-৬ এর নারী ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ এএম

ঢাকা-৬ আসনের নির্বাচনী লড়াইয়ে আজ এক বিশেষ চিত্র ফুটে উঠেছে। সকাল থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচন কেন্দ্রে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

সরেজমিনে রাজধানীর গেন্ডারিয়া, সূত্রাপুর ও ওয়ারী এলাকার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোট শুরুর পর থেকেই নারী ভোটারদের ভিড় বাড়তে থাকে। অনেক কেন্দ্রে ভোটারদের সারি মূল ভবন ছাড়িয়ে মাঠ ও সীমানা প্রাচীর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পুরুষ ভোটারদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও, কেন্দ্রগুলোতে নারীদের চাপের কারণে ভোট গ্রহণে ধীরগতি ও দীর্ঘ অপেক্ষার দৃশ্য দেখা গেছে।

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটার শায়লা আহমেদ জানান, অনেকক্ষণ ধরে লাইনে আছি, ভিড় দেখে অবাক লাগছে। তবে কষ্ট হলেও ভোট দিয়ে যাব। নারী হিসেবে আমাদের অধিকার প্রয়োগ করাটা জরুরি।

নারী ভোটারদের এই বাড়তি চাপের কথা মাথায় রেখে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইনে শৃঙ্খলা বজায় রাখতে নারী পুলিশ ও আনসার সদস্যরা সক্রিয় রয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তাদের মতে, নারীদের এই আগ্রহ গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।

ঢাকা-৬ আসনের অলিগলি ও ভোটকেন্দ্রের আশেপাশে নারী ভোটারদের দলবদ্ধ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীণ থেকে তরুণী—সব বয়সী নারীরাই জাতীয় এই উৎসবে শামিল হতে সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত