গানের স্বত্ব বিক্রি করলেন ব্রিটনি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

 মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স তার নিজস্ব গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ‘…বেবি ওয়ান মোর টাইম’ ও ‘উপস…আই ডিড ইট এগেইন’-এর মতো অসংখ্য হিট গান গেয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ব্রিটনি এই পদক্ষেপ নেন, যা তার দীর্ঘদিনের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। মার্কিন গণমাধ্যম এএফপি জানিয়েছে, ব্রিটনির সঙ্গে প্রাইমারি ওয়েভ নামের প্রতিষ্ঠানের প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। তবে আইনি নথিতে অর্থের সুনির্দিষ্ট পরিমাণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। ি

প্রাইমারি ওয়েভ এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যারা হুইটনি হিউস্টন, বব মার্লে, প্রিন্সের মতো শিল্পীদের গানের মেধাস্বত্বের মালিকানা ধরে রাখে। তারা গান সম্প্রচার, অ্যালবাম বিক্রি, সিনেমা বা বিজ্ঞাপনে ব্যবহারের মাধ্যমে রাজস্ব অর্জন করে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটনির পাশাপাশি ব্রুস স্প্রিংস্টিন, বব ডিলান, শাকিরা এবং কিস-এর মতো শিল্পীরাও তাদের গানের মেধাস্বত্ব বিক্রি করেছেন। ২০২৩ সালে কানাডার পপতারকা জাস্টিন বিবারও একই পথে যান। 

ব্রিটনির ক্যারিয়ারের শুরু থেকেই আর্থিক বিষয় দেখভাল করেছেন তার ম্যানেজার এবং বাবা জেমি স্পিয়ার্স। পরবর্তী সময়ে ব্রিটনি দাবি করেন, তার বাবা তাকে অর্থনৈতিকভাবে প্রতারণা করেছেন।২০২১ সালে আদালতের নির্দেশে ব্রিটনির ১৩ বছরের ম্যানেজার চুক্তি বাতিল হয়। 

গানের জগতে দীর্ঘদিনের অবসর নেওয়া ব্রিটনি তার সর্বশেষ একটি ডুয়েট প্রকাশ করেছিলেন ২০২৩ সালে এবং ২০২৪ সালে জানান তিনি আর মূলধারার সংগীতজগতে ফিরবেন না, তবে সাময়িকভাবে ফিরতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত