নোয়াখালীর হাতিয়ায় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় বিটিভির এক সাংবাদিক সহ এনসিপির ৩০ নেতাকর্মী আহত হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাতিয়ার বিভিন্ন ভোট কেন্দ্রের বাহিরে এই হামলার ঘটনা ঘটে। এর মধ্যে চরঈম্বর ইউনিয়নের বাংলা বাজার ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ফিরে আসার পথে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের গাড়িবহরে থাকা বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলাকারীরা সাংবাদিক মিরাজের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে। এসময় তারা মিরাজের সাথে থাকা সাকিব নামে এক মোটরসাইকেল চালককে ও পিঠিয়ে আহত করে।
এছাড়া একই ঘটনা ঘটেছে পৌরসভার তিন নং ওয়ার্ডের ওছখালী বাজারে কেন্দ্রে । এই কেন্দ্রে হান্নান মাসউদ এর সমর্থক আবদুল কাদের ও তার ছেলে মো. ফয়সালের উপর হামলার ঘটনা ঘটেছে। আবদুল কাদের অভিযোগ করে বলেন হামলাকারীরা সবাই বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের সমর্থক।
এছাড়া হামলার ঘটনা ঘটেছে বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মানছুর উদ্দিন জানান, সকাল থেকে হাসপাতালে ৩০ জন আহত লোক এসেছে। এদের মধ্যে চারজন ভর্তি আছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া কর্মী সমর্থকদেরকে দেখতে আসেন হান্নান মাসউদ এর স্ত্রী শ্যমলী সুলতানা জেদনী। তিনি আহত রোগীদের খোঁজ খবর নেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় তিনি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলায় উদ্বেগ প্রকাশ করেন। এই বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
এই বিষয়ে হাতিয়া উপজেলা এনসিপির আহবায়ক শামছুল তিব্রিজ জানান, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকা অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হাতিয়ার কয়েকটি জায়গায় ভোটকেন্দ্রের বাহিরে হামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি নিজেও নির্বাচনের দায়িত্বে ব্যস্ত সময় পার করছেন। পরবর্তীতে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
