বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম পৌণে ২ কোটি টাকা!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬–এর টিকিটের দাম ফিফার নিজস্ব অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মেই রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। অনেক ম্যাচের টিকিট মূল দামের তুলনায় কয়েক গুণ বেশি দামে বিক্রির তালিকায় উঠেছে।

মূল বিক্রি শেষ হয়েছে জানুয়ারিতে। এরপরই সম্প্রতি বিতরণ হওয়া টিকিটগুলো এখন রিসেল প্ল্যাটফর্মে উঠতে শুরু করেছে। এর কয়েক সপ্তাহ আগে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো সতর্ক করেছিলেন, রিসেল সাইটে টিকিটের দাম অস্বাভাবিক রকম বেশি হতে পারে। বাস্তবে এখন সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ১১ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার খেলায় স্ট্যান্ডের সর্বোচ্চ স্তরের ‘ক্যাটাগরি থ্রি’ আসনের একটি টিকিটের দাম দেখানো হচ্ছে ৫,৩২৪ মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। অথচ একই টিকিটের মূল দাম ছিল ৮৯৫ ডলার।

এদিকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ১৯ জুলাই নির্ধারিত বিশ্বকাপ ফাইনালের একটি ‘ক্যাটাগরি থ্রি’ আসনের টিকিট রিসেল প্ল্যাটফর্মে তোলা হয়েছে অবিশ্বাস্য ১ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে (প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা)। যা ওই টিকিটের মূল দাম ৩,৪৫০ ডলারের তুলনায় ৪১ গুণেরও বেশি। ফাইনালের জন্য রিসেল সাইটে থাকা সবচেয়ে কম দামের টিকিটটির মূল্যও ৯,৭৭৫ ডলার।

ফিফার রিসেল প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক স্বীকৃত হলেও সংস্থাটি জানিয়েছে, তারা এখানে মূলত ‘ফ্যাসিলিটেটর’ হিসেবে কাজ করে এবং প্রতিটি বিক্রিতে ১৫ শতাংশ ফি নেয়। টিকিটের দাম নির্ধারণ করেন বিক্রেতারাই।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬–এর টিকিট মূল্য নির্ধারণের কাঠামো আমাদের আয়োজক দেশগুলোতে বড় ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্টে প্রচলিত বাজার ব্যবস্থার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’

ফিফা আরও জানায়, উত্তর আমেরিকায়—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায়—রিসেল বাজার কার্যত নিয়ন্ত্রণহীন। মেক্সিকোতে অবশ্য টিকিটের মূল দামের চেয়ে বেশি দামে পুনরায় বিক্রি করা নিষিদ্ধ, তবে সেটি কেবল তখনই প্রযোজ্য, যখন টিকিটটি মেক্সিকোতেই স্থানীয় মুদ্রায় কেনা হয়।

তবে খুব অল্প কিছু ক্ষেত্রে দাম কমতেও দেখা গেছে। ক্যালিফোর্নিয়ার লেভাই’স স্টেডিয়ামে অস্ট্রিয়া ও জর্ডানের গ্রুপ ম্যাচের একটি টিকিট মূল ক্রেতার ৬২০ ডলারে কেনা হলেও রিসেলে সেটি ৫৫২ ডলারে পাওয়া যাচ্ছে।

ফিফার তথ্য অনুযায়ী, বিপুল দাম সত্ত্বেও টিকিট বিক্রি ভালোই হচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি টিকিটের আবেদন পড়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত