মাহদী আমীন

বিএনপির বিজয় অনিবার্য, ব্যর্থ করার অপপ্রয়াস সফল হবে না

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন বলেছেন, বিএনপির বিজয় অনিবার্য ও নিরুঙ্কুশ, সেটাকে ব্যর্থ করার কোনো অপপ্রয়াস সফল হবে না।

রাজধানীর গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমীন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান পার্থক্য ঢাকতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। বিভিন্ন স্থানে ভোটারদের নিরুৎসাহিত করতে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা প্রকাশ করেন।

বিএনপি নেতা অভিযোগ করেন, নির্বাচন বিতর্কিত করতে বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার করা হয়েছে। কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। অনেক ভোটার নিজ ভোট দিতে পারেননি বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরি করে একধরনের ‘মব’ সৃষ্টি করা হয়েছে, যা ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি করে। বিষয়টি নির্বাচন কমিশনকে আগেই জানানো হলেও আরও সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত বলে তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টার অভিযোগ করে মাহদী আমীন বলেন, বিএনপির বিজয় অনিবার্য-এটি স্তিমিত করার অপপ্রয়াস সফল হবে না।

তিনি জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান এবং দলের নেতা-কর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় যেন কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেন।

মাহদী আমীন বলেন, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রেরই বিজয় হবে। বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত