বাংলাদেশের নির্বাচন অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে: কমনওয়েলথ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে আখ্যা দিয়েছে। ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার ও দুই হাজার ২৬ জন প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্বদরবারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংস্থাটি জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কমনওয়েলথের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি জানান, ভোটকেন্দ্র খোলা থেকে শুরু করে ফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল। তিনি বলেন, এত বিপুল সংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সাংবিধানিক সংস্কার বিষয়ে একযোগে গণভোটের আয়োজন সত্যিই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন এ আয়োজনকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই সারা দেশে বিরাজ করছিল নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান নেওয়া পর্যবেক্ষকরা সে আবহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সেই নীরব প্রত্যাশা রূপ নেয় ভোটারদের ধারাবাহিক অংশগ্রহণে। নাগরিকরা কেন্দ্রে এসে ভোট দিতে থাকেন, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮ জন নারীসহ মোট দুই হাজার ২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত