'মস্কা ব্রাদার্সে' ইতিহাস গড়ল ইতালি, বিশ্বকাপে প্রথম জয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলতে নেমেই ইতিহাস গড়ল ইতালি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে দলটি। এটি ছিল বিশ্বকাপে ইতালির দ্বিতীয় ম্যাচ। 

আগে ব্যাট করে নেপাল ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইতালি। ইতালির এই ঐতিহাসিক জয়ের নায়ক ওপেনিং জুটি—ভাই জাস্টিন মস্কা ও অ্যান্টনি মস্কা। দুজনই ছিলেন অপরাজিত। জাস্টিন মস্কা করেন ৬০ রান, অ্যান্টনি মস্কা ৬২ রান। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভাই-বোন বা ভাইদের মধ্যে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ডও।

ওয়াংখেড়ের গ্যালারিতে ছিল মূলত নেপালি সমর্থকদেরই আধিক্য। আগের ম্যাচে ইংল্যান্ডকে দারুণ চাপে ফেলে দেওয়া নেপালকেই এই ম্যাচে ফেবারিট ধরা হচ্ছিল। কিন্তু বল ও ব্যাট—দুই বিভাগেই সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইতালি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেপাল। তিন ওভারের মধ্যে মাত্র ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। পাওয়ার প্লের শেষ দিকে অধিনায়ক রোহিত পৌডেল ও আসিফ শেখ কিছুটা লড়াই গড়ে তোলেন। তবে ইতালির স্পিন আক্রমণের সামনে বড় জুটি গড়তে পারেননি তারা। ক্রিশান কালুগামাগের গুগলিতে বোল্ড হয়ে পৌডেল আউট হলে আবারও চাপে পড়ে নেপাল। এর পরপরই বেন মানেন্তির বলে আসিফ শেখও ফিরে যান। ১৪তম ওভারে স্কোর ছিল ৯৩ রান, তিন উইকেট। সেখান থেকেই শুরু হয় ধস। ৯৩ থেকে ১০২—এই ৯ রানের মধ্যেই পড়ে যায় পাঁচটি উইকেট। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন আরিফ শেখ—২৭। অধিনায়ক রোহিত পৌডেল করেন ২৩ রান, আসিফ শেখ করেন ২০। ইতালির স্পিনাররা মিলিয়ে ১২ ওভারে ৪৯ রানে নেন ৬ উইকেট। লেগ স্পিনার ক্রিশান কালুগামাগে ৪ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট। অফ স্পিনার বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। 

১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার। অ্যান্টনি মস্কা নিজের দ্বিতীয় বলেই মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বার্তা দেন। শুরুতে কিছুটা দেখে খেলার পর জাস্টিন মস্কাও দ্রুত রানের গতি বাড়ান। চতুর্থ ওভার শেষে ইতালির রান পৌঁছে যায় ৫০–এ। পাওয়ার প্লে শেষে স্কোর ছিল ৬৮ উইকেটহীন। জাস্টিন মস্কা ৩৭ বলে ফিফটি করেন। অ্যান্টনি মস্কা মাত্র ২৮ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন।

শেষ পর্যন্ত অ্যান্টনি মস্কার কাভার অঞ্চলে খেলা একক রানে জয় নিশ্চিত হয় ইতালির।

অ্যান্টনি মস্কা ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে মারেন ৬টি ছক্কা। জাস্টিন মস্কা ৪৪ বলে অপরাজিত ৬০ রানে মারেন ৩টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল: ১৯.৩ ওভারে ১২৩ (আরিফ শেখ ২৭, রোহিত পৌডেল ২৩, আসিফ শেখ ২০; ক্রিশান কালুগামাগে ৩/১৮, বেন মানেন্তি ২/৯)
ইতালি: ১২.৪ ওভারে ১২৪/০ (অ্যান্টনি মস্কা ৬২*, জাস্টিন মস্কা ৬০*)
ফল: ইতালি ১০ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ক্রিশান কালুগামাগে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত