দ্বিরাষ্ট্র সমাধান পরিস্থিতি কঠিন করছে ইসরায়েল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম

গাজা শান্তিচুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন যখন শুরু হচ্ছে, ঠিক তখন অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে গৃহীত কিছু সিদ্ধান্ত নিয়ে পশ্চিম তীর নিয়ে উত্তেজনা বাড়ছে। যদিও তেলআবিবের এই দখলদারিত্বের বিষয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন নেতানিয়াহুর সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক বিশ্লেষণী প্রতিবেদনে বলছে, পশ্চিম তীরে জমি দখলে অবৈধ বসতি স্থাপনকারীদের সহায়তা করতে এই পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এ ভূখণ্ডের যেসব অংশে ফিলিস্তিনিদের কিছুটা হলেও স্বশাসন রয়েছে, সেখানে ইসরায়েলিদের ক্ষমতা বাড়াতে তৎপরতা শুরু হয়েছে। এই পদক্ষেপগুলো ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাধাগ্রস্ত করার চেষ্টা বলে মনে করছেন ফিলিস্তিনিরা।

ইসরায়েলের এই পদক্ষেপ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার ওপর সর্বশেষ আঘাত হিসেবে দেখা হচ্ছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের এই রূপকল্প ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত অসলো চুক্তির মূল ভিত্তি ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ সমাধানের পথে বাধা বেড়েছে। ফলে দিন দিন অসম্ভব হয়ে উঠছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা। ইতিমধ্যে ৮টি উপসাগরীয় আরব দেশ যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, তেলআবিব পশ্চিম তীর নিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকলে ট্রাম্পের রোষানলে পড়ার ঝুঁকিতে থাকবেন নেতানিয়াহু। কেননা গাজায় স্থিতিশীলতা আনার লক্ষ্যে ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ প্রশ্নের মুখে পড়বে।

ইসরায়েলের নতুন সিদ্ধান্তের মধ্য রয়েছে, পশ্চিম তীরের জমির গোপন দলিলগুলো সামনে আনার মাধ্যমে বসতি স্থাপনকারীদের জমি দখলের গতি বাড়ানো। এ ছাড়া সেখানে জমি কেনা-সংক্রান্ত জর্ডানের একটি আইন বাতিল করা হবে। ১৯৪৮ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পশ্চিম তীর জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। অসলো চুক্তিতে পশ্চিম তীরকে এ, বি ও সি তিন অংশে ভাগ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ও ‘বি’ অংশে ‘তদারকি ও আইন প্রয়োগমূলক পদক্ষেপ’ বাড়াবে ইসরায়েল। ‘এ’ অংশে ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ‘বি’ অংশে তারা বেসামরিক বিষয়গুলো পরিচালনা করে। আর ‘সি’ অংশে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত