ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের গেজেট দ্রুত সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি সচিব বলেন, দ্রত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি।
তিনি আরও বলেন, সারা দেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
তিনি বলেন, নির্বাচনে গণভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
সচিব আরও জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
