আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক: ঢাবি শিক্ষিকা মোনামি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একনিষ্ঠ সমর্থক দাবি করে তিনি সবার উদ্দেশে খোলা চিঠি লিখেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে অনুরোধ জানান।

শেহরিন আমিন লেখেন, আমি এনসিপির একজন একনিষ্ঠ সমর্থক। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলাম। তবে তিনি জানান, তাঁকে অনেকেই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সমর্থক মনে করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেকেই জামায়াতি, শিবির ম্যাডাম বলে চেনে আর এতে আমি স্বচ্ছন্দ। কখনো কখনো আমি গর্বের সাথেই এই নামগুলো নিজের করে নিই।

ঢাবির এই শিক্ষিকা নিজেকে মধ্যপন্থী দাবি করলেও সামাজিক মাধ্যমে তাঁকে ডানপন্থী বলা হয় বলেও উল্লেখ করেন। তিনি লেখেন, যদিও আমি নিজেকে মধ্যপন্থী মনে করি, সামাজিক মাধ্যমের নানা আলোচনায় আমাকে ডানপন্থী বলা হয়। যদি এতে আপনাদের সুবিধা হয়, তাহলে সেটাই বিশ্বাস করতে পারেন।

পোস্টের একপর্যায়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এবার মূল কথায় আসি-আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন, তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না।

শেহরিন আমিন আরও লেখেন, আমি ইসলামবিদ্বেষী নই এবং ইসলাম নারী-বিরোধী- এ ধারণায় আমি বিশ্বাস করি না। বরং আমি এমন একজন উদারপন্থী, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ-অপছন্দ নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলেন।

সবশেষে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, আমি হয়তো আপনাদের পছন্দের মানুষ না-ও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন সময়ে ডাকসুর অনুষ্ঠান ও জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তাকে দেখা গেছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য ছিল। তবে নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়ায় এখন আর সেটা নিয়ে দ্বিধা থাকল না বলেই মনে করছেন অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত