সুদীর্ঘ দেড় যুগ পর ব্যালট বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ের পর আজ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর গ্র্যান্ড বল রুমে এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের এই ঐতিহাসিক সাফল্যের পর দেশি-বিদেশি সংবাদমাধ্যম ও কূটনৈতিক মহলের চোখ এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় সরাসরি নেতৃত্ব দেওয়া তারেক রহমান আজ তার ভাষণে নতুন সরকার গঠন, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করবেন বলে ধারণা করা হচ্ছে।
