শিমুল বিশ্বাসকে ঘিরে মন্ত্রিত্বের স্বপ্ন পাবনাবাসীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

প্রাচীন জনপদ আর রাজনীতির উর্বর ভূমি হিসেবে পরিচিত পাবনা সদর। দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই আসনের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করেছেন শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। এই জয় কেবল একজন প্রার্থীর বিজয় নয়, বরং দীর্ঘদিনের উন্নয়ন-বঞ্চনা থেকে মুক্তির এক নতুন আলোকবর্তিকা। বর্তমানে পাবনার সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—জেলাবাসীর এই প্রত্যাশার প্রতিদান কি মিলবে পূর্ণ মন্ত্রিত্বের মাধ্যমে?

কোন্দলমুক্ত রাজনীতি ও পরিচ্ছন্ন ভাবমূর্তি

তৃণমূলের নেতাকর্মীদের মতে, শিমুল বিশ্বাসের সবচেয়ে বড় সাফল্য হলো দলের অভ্যন্তরীণ দীর্ঘদিনের কোন্দল দূর করে সবাইকে এক সুতায় গাঁথা। দল-মতের ঊর্ধ্বে গিয়ে তিনি নিজেকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

​পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম বলেন, শিমুল বিশ্বাস কেবল একজন দক্ষ সংগঠকই নন, তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও দুর্নীতির ছায়া পড়েনি। পাবনার নাগরিক সমাজের দাবি—এই নীতিবান রাজনীতিককে মন্ত্রিসভায় স্থান দিয়ে জেলাবাসীকে যেন যথাযথভাবে সম্মানিত করা হয়।

উন্নয়নের বাধা ‘পূর্ণ মন্ত্রীর’ অভাব

পাবনা সদরের বিশিষ্টজনদের আক্ষেপ, স্বাধীনতার পর থেকে এই গুরুত্বপূর্ণ জেলা শহরটি বারবার মন্ত্রিসভার দৌড়ে পিছিয়ে পড়েছে। সদর আসন থেকে কোনও পূর্ণ মন্ত্রী না থাকায় থমকে আছে বড় বড় উন্নয়ন প্রকল্প। এবার সেই আক্ষেপ মেটাতে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ভোটার—সবাই শিমুল বিশ্বাসের ওপরই আস্থা রাখছেন।

বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আবুল এহসান রেয়ন বলেন, পাবনার উন্নয়নের জন্য আমাদের একজন শক্ত অভিভাবক দরকার। শিমুল বিশ্বাস দীর্ঘদিন কেন্দ্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে মন্ত্রিসভায় স্থান দিলে পাবনার ঝিমিয়ে পড়া উন্নয়ন প্রকল্পগুলো প্রাণ ফিরে পাবে।

শিমুল বিশ্বাসের অঙ্গীকার

জনগণের এই আকাশচুম্বী প্রত্যাশার কথা জানেন নবনির্বাচিত এই সংসদ সদস্যও। নিজের রাজনৈতিক দর্শন স্পষ্ট করে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি কখনোই পদ-পদবির মোহ থেকে রাজনীতি করিনি। পাবনার ভাগ্যহত মানুষের কর্মসংস্থান, জীবনমানের উন্নয়ন ও একটি নিরাপদ সমাজ গড়াই আমার একমাত্র লক্ষ্য। পাবনার হারানো গৌরব ফেরাতে আমি ইতোমধ্যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কাজ শুরু করেছি।

​দুঃসময়ের কাণ্ডারি ও তৃণমূলের প্রত্যাশা

তৃণমূল নেতাকর্মীদের কাছে শিমুল বিশ্বাস মানেই এক আস্থার নাম। দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রাখা এই পরীক্ষিত নেতাকে নিয়ে আশাবাদী স্থানীয় বিএনপি নেতা রশিদুল হাসান বাবু। তিনি মনে করেন, কেন্দ্রীয় রাজনীতিতে তার প্রভাব ও গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে পাবনাকে একটি আধুনিক ও ‘মডেল জেলায়’ রূপান্তর করা সম্ভব।

প্রাচীন জেলা পাবনার দীর্ঘদিনের 'মন্ত্রী' পাওয়ার আক্ষেপ কি তবে এবার ঘুচতে যাচ্ছে? শিমুল বিশ্বাসের কাঁধে ভর করে জেলাবাসী কি নতুন এক ভোরের দেখা পাবে? উত্তর মিলবে আগামী কয়েক দিনেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত