গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুইনারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারধুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, স্থানীয় রইচ উদ্দিনের ছেলে ছানোয়ার (৩৫), ছানোয়ারের স্ত্রী রেখা বেগম (২৭), ছানোয়ারের ছেলে রিফাত (১৫), হয়রত আলীর ছেলে ভোলা মিয়া (৫০), রইচ উদ্দিনের ছেলে জুয়েল (৪৫) ও পুনতাইর খামারপাড়া গ্রামের মোকছেদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগমসহ (৪০) সাতজন।
এ ঘটনায় ওই গ্রামের ভুক্তভোগি ছামসুল ইসলামের স্ত্রী জবা বেগম বাদি হয়ে ১২ জনকে অভিযুক্ত করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ছানোয়ার হোসেনের সঙ্গে ভোলা মিয়ার দীর্ঘদিন ধরে ২৭ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এরই এক পর্যায়ে উক্ত জমিতে ছানোয়ার চাষাবাদ করতে গেলে ভোলা মিয়া বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের আহত সাতজনের মধ্যে ছানোয়ার, রেখা, জাহানারা ও ভোলাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ছানোয়ার হোসেনের অভিযোগ, ওই জমির খারিজ ও বিআরএস খতিয়ানসহ প্রয়োজনীয সকল কাগজপত্র আমাদের নামে আছে। কিন্তু এসব কাগজপত্র তোয়াক্কা না করে ভোলা মিয়া পেশি শক্তির জোরে আমাদের জমি দখলের চেষ্টা করে। ভোলা মিয়া জানান, অংশ সূত্রে আমরা উক্ত জমির দাবিদার। কিন্তু ছানোয়ার আমাদেরকে জমি বুঝে না দিয়ে চাষাবাদের চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
