ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনে অন্তত ৩০টি আসনে ভোট কারচুপি হয়েছে। রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছেন। আরো কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে।
'ইচ্ছাকৃতভাবে' ফল বদলে দেওয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেওয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে দলটি।
প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের।
