ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে মোঃ মিঠুন মিয়া নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ ইলেকট্রনিক ডিভাইস, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়ে নিশ্চিত করে র্যাব-৯।
আটক মো. মিঠুন মিয়ার বয়স ৩০ বছর। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোহাগপুর গ্রামে।
এতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালায় সাদা পোশাকধারী র্যাব সদস্যরা। তথ্যানুযায়ী সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার একটি কাঁচা সড়কে ওই যুবককে স্থানীয়দের কাছ থেকে টাকা আদায় করতে দেখা যায়।
এসময় তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে র্যাব সদস্য বলে দাবি করেন। পরে পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধ করা হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পুলিশ ও র্যাব পরিচয়ে প্রতারণা করে অর্থ উপার্জন করে আসছেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
