সাবেক প্রেমিক ঠকবাজ বলে পরিচিতি পাওয়া সুকেশ চন্দ্রশেখর আর্থিক প্রতারণার অভিযোগে দীর্ঘদিন ধরেই কারাগারে। তারপরও তার হাত থেকে রেহাই পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। জেলে বসেই গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবে উপহার সামগ্রী ও চিঠি লিখে আসছেন জ্যাকুলিনকে। গতকাল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও সুকেশ সেই পুরনো ঘটনা ঘটালেন জেলে বসেই। সেখান থেকেই জ্যাকুলিনকে পাঠালেন প্রেমের বার্তা। সেই সঙ্গে চিঠির পাশাপাশি এবারও দামি উপহার এলো জ্যাকুলিনের বাসায়। ভালোবাসা দিবসে লেখা চিঠিতে জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ বলে সম্বোধন করেছেন সুকেশ।
একজন মানুষ মরুভূমিতে হারিয়ে গেলে ঠিক যেমন লাগে, জ্যাকুলিনকে দীর্ঘদিন দেখতে না পেয়ে সুকেশের মনের অবস্থাও নাকি তেমনই। আবেগে ভরা চিঠির সঙ্গে প্রেম দিবস উপলক্ষে একটি বিলাসবহুল হেলিকপ্টার পাঠিয়েছেন তিনি। কালো রঙের সেই হেলিকপ্টারে খোদাই করা জ্যাকুলিনের নাম ও পদবির প্রথম অক্ষর। হেলিকপ্টারটির অন্দরসজ্জাও বিশেষ ভাবে করিয়েছেন সুকেশ। মুম্বাইয়ের ট্রাফিক এড়িয়ে সহজেই যাতে জ্যাকুলিন হেলিকপ্টারে চেপে প্রত্যন্ত এলাকায় ভ্রমণ করতে পারেন, সেই উদ্দেশ্যেই নাকি এই উপহার সুকেশের।
