ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে বিজয়ী হয়ে মাদক কারবারিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
গতকাল শনিবার রাতে কমলনগর নিজ বাসা থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হওয়ার পথে নেতাকর্মীদের এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, কারা কারা মাদক কারবারের সঙ্গে জড়িত আমি সব জানি। আমার নির্বাচনের স্বার্থে এত দিন কিছু বলিনি। যারা মাদক গ্রহণ এবং এ কারবারের সঙ্গে জড়িত তাদের বলছি, আপনারা আমার শপথের আগে এসব ছেড়ে দেন। এখন আর ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপি একটি সুশৃংখল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। আমাদের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই।
আশরাফ উদ্দিন নিজান বলেন, আপনারা যারা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন বা পড়েছেন। আমি সকলকে মামলার কপি জমা দিতে বলছি। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। আর আপনাদের যাদের নিজেদের অথবা ছেলে-মেয়েদের চাকরি বা টাকার অভাবে লেখা পড়া করাতে পারছেন না। তারা আমার কাছে আসেন। যত ধরনের সহযোগিতা দরকার আমি করব। কিন্তু দল ব্যবহার করে অনৈতিকভাবে টাকা কামানোর ধান্দা বাদ দেন। এসব তথ্যের ভিডিও ফেইসবুক ভাইরাল হয়।
তিন বারের এ সংসদ সদস্যের বক্তব্যে দুই উপজেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এবং নবনির্বাচিত এ সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বক্তব্যেকে সাদরে গ্রহণ করেছেন সবাই। তিনি লক্ষ্মীপুর-৪ আসনে প্রায় ৪৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
