প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়তে চান গাজী আশরাফ লিপু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ ছাড়তে চান গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ২ বছরের জন্য প্রধান নির্বাচক পদে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক। তার চুক্তির মেয়াদ ফুরিয়েছে, ব্যক্তিগত প্রতিশ্রুতি ও পারিবারিক কারণে লম্বা সময়ের জন্য দায়িত্ব পালনা অপারগতা জানিয়ে বিসিবিতে চিঠি দিয়েছে লিপু।

দেশ রূপান্তরকে গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘ আমি গত ৫ ফেব্রুয়ারি বিসিবিতে একটি চিঠি জমা দিয়েছি। আমি জানিয়েছি কিছু ব্যক্তিগত প্রতিশ্রুতি এবং পারিবারিক ব্যস্ততার কারণে আমি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ব্যস্ত থাকব। আমার সহধর্মিনী এই সময়ে চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। কিছু পারিবারিক দায়িত্ব আছে। তাছাড়া ক্রিকেটের সঙ্গে তো নানান ভূমিকায় ৪৯ বছর কাটিয়ে দিলাম। যেহেতু ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে; তাই বিসিবি যদি চায় নতুন করে কাউকে লম্বা সময়ের জন্য ভাবতে তাহলে ভাবতে পারে। তাছাড়া আমার মেয়াদপূর্তির আগে বিসিবিও তো মেয়াদ বাড়ানোর কোন প্রস্তাব করেনি। আমি স্বল্প সময়ের জন্য, দায়িত্ব পালন করে যেতে পারি। যদিও এই বছর বিদেশে আমাকে বেশ অনেকটা সময় থাকতে হবে। আমি আমার অবস্থানটা জানিয়ে রাখছি যাতে সিদ্ধান্ত গ্রহণে উভয় পক্ষেরই সুবিধা হয়।’

আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে শামীম হোসেন পাটোয়ারিকে টি-টোয়েন্টি দলে না রাখা নিয়ে টি-২০ অধিনায়ক লিটন দাসের প্রকাশ্য সমালোচনা , সাইফ উদ্দিনকে স্কোয়াডে না রেখেও চট্টগ্রামে নিয়ে যাওয়া; সাম্প্রতিক সময়ে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে জড়িয়েছে লিপুর নাম। তবে অনুশীলনে নিয়মিত না হলে সাকিব আল হাসানকে জাতীয় দলে সুযোগ না দেয়ার সাহসী সিদ্ধান্ত সহ শুধু ব্যাটসম্যান হিসেবে বোলিং নিষিদ্ধ সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলে না নেয়ার মত দৃঢ় সিদ্ধান্তও প্রধান নির্বাচক হিসেবে নিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত