দায়িত্ব গ্রহণের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা।
আজ সোমবার সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত পূজা–অর্চনার পর তারা এই প্রার্থনায় অংশ নেন।
এদিন দুপুরে উপজেলার ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা ও কালীমন্দিরসহ বিভিন্নস্থানে গিয়ে দেখা যায়, শিব পূজা শেষে শ্রমিকরা একত্রিত হয়ে দেশ পরিচালনায় তারেক রহমানের সাফল্য কামনায় প্রার্থনা করছেন।
ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা সবুজ গড় বলেন, মৌলভীবাজারে সমাবেশে এসে তারেক রহমান চা শ্রমিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন। আমরা সবাই মিলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করেছি। এখন আমরা চাই, তিনি সুস্থ থেকে দেশ পরিচালনা করুন এবং শ্রমিকদের উন্নয়নে ভূমিকা রাখুন।
তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমানকে মন্ত্রী করা হলে চা শ্রমিকদের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা। তিনি দেশ রূপান্তরকে জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক আনন্দ থাকলেও তারেক রহমানের আহ্বানে তারা বিজয় মিছিল থেকে বিরত ছিলেন।
তিনি বলেন, শিব চতুর্দশী সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই উপলক্ষে পূজা শেষে আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছি। শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা এই প্রার্থনায় অংশ নিয়েছেন।
চা শ্রমিকদের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য হাজী মুজিবুর রহমানকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। শ্রমিকদের মতে, তিনি দীর্ঘদিন ধরে চা বাগান এলাকার মানুষের পাশে রয়েছেন এবং মন্ত্রী হলে শ্রমিকদের কল্যাণে আরও বেশি উদ্যোগ নিতে পারবেন।
