প্রথমবার এমপি হয়েই তারা মন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ দুই হাজারের কিছু বেশি প্রার্থী অংশ নিলেও বিজয়ীদের বড় অংশই নতুন মুখ। সংসদ সদস্যদের প্রায় ৭৬ শতাংশই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই একাধিক নেতা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত রাখা হয়। এ ছাড়া চট্টগ্রাম-২ ও ৪ দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে ওই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই সঙ্গে সংসদে সরকারি দলের নেতার দায়িত্বও পালন করবেন।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সিলেট-১ আসন থেকে প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম রিতা পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। পার্বত্য রাঙ্গামাটি থেকে নির্বাচিত দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন ফকির) নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হয়েছেন শেখ রবিউল আলম। তিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামানও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী

এবারের সংসদে প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডা. এমএ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মুহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলমও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত