জুলাই হত্যাকান্ড

ওবায়দুল কাদের নাসিমসহ সাতজনের বিচার শুরু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ এএম

গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই অভ্যুত্থানে শহীদ মো. আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক।

এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলার সাত আসামি হলেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল আজ (মঙ্গলবার)। আমরা সূচনা বক্তব্য উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শহীদ আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল (আজ) আবারও সাক্ষ্যগ্রহণ হবে।

গত বছরের ১৮ ডিসেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গ্রেপ্তার বা তারা হাজির না হওয়ায় গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনাল পলাতক আসামিদের হাজির হয়ে বিচারের মুখোমুখি হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বিধান অনুযায়ী, পলাতকদের হাজির হতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্দেশের পরও কোনো আসামি হাজির না হলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত