দরজার বাইরে তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামে গভীর রাতে জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বসতঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নলেরচর গ্রামে সুজনের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। রাতে একদল দুর্বৃত্ত বসতঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় তারা ঘরের দরজা খুলতে গিয়ে দেখতে পান বাইরে থেকে তালা লাগানো। আগুনে ঘরের আসবাব, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সুজন বলেন, ‘আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত হামলা।’

সুজন অভিযোগ করেন, ‘নলেরচরের প্রকল্প বাজার এলাকায় ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়টি নিয়ে আমি প্রকাশ্যে বলেছি যে অভিযোগটি মিথ্যা। এর জেরেই সন্ত্রাসীরা আমার ঘরের দরজায় তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়।’ এ ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

হাতিয়া ওসি সাইফুল আলম বলেন, এ ব্যাপারে এখনো হাতিয়া থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত