আজ থেকে শুরু মাহে রমজান। আর এই রমজান এলেই অনুষ্ঠানসূচির বড় একটা পরিবর্তন দেখা যায় টিভি চ্যানেলগুলোতে। এবারও হচ্ছে না ব্যতিক্রম। রমজান জুড়ে বিটিভিসহ দেশের প্রায় প্রতিটি চ্যানেলেই প্রচারিত হবে একাধিক বিশেষ অনুষ্ঠান। বিটিভিতে প্রতিদিন ইফতারের আগে ও পরে রয়েছে নানা ইসলামিক অনুষ্ঠান। পাশাপাশি রোজার তাৎপর্য ও মর্যাদা নিয়ে বিশ্লেষণমূলক বিশেষ আলোচনার অনুষ্ঠান থাকবে প্রতিদিন। পবিত্র রমজান উপলক্ষে চ্যানেল আইতে থাকছে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। প্রতিদিন ইসলামের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘ইসলাম জানা অজানা’ প্রচারিত হবে বিকাল ৪টা ৫মিনিটে। বিকাল ৪টা ১৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মডেল-অভিনেত্রী সাফা কবির। এরই মধ্যে বিভিন্ন পর্বে সাফা কবিরের নিমন্ত্রণে এই আয়োজনের শুটিংয়ে অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা তৌসিফ মাহবুব, সাদ সালমী নাওভী, অভিনেত্রী সারিকা সাবাহ’সহ আরও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।
রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘ভিম মনোহর ইফতার’ প্রচারিত হবে বিকাল ৫টায়। অনুষ্ঠানে রয়েছে পুষ্টিকর ইফতারি’র নানান রেসিপি ও এসব খাদ্যের পুষ্টিগুণ নিয়ে একজন পুষ্টিবিদের বিশ্লেষণ। অনুষ্ঠানের প্রতিপর্বে অংশ নেবেন দেশি ও প্রবাসী একজন বাঙালি গৃহিণী। ইফতার-পরবর্তী প্রচারিত অনুষ্ঠানটির ৩০টি পর্বের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এসব পর্বে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী কনা, ইমরান, হৃদি শেখ, সজল, মেহজাবিন, সাজ্জাদ, সারিকা সাবাহ, মুমতাহা টয়া, শাহিন সামাদ, লিজা, রিয়া মনি, কেয়া পায়েল, রাফসান, লুইফা, জান্নাতুল সামাইয়া হিমি, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিন তিশা, আবিদা সুলতানা, মাসুমা নাবিলা, সামিরা খান মাহি, রোকেয়া জাহান চমক, জিম, আমিন হান্নান চৌধুরী, রেবা খান, ইভানা প্রমুখ। প্রতি শনিবার রাত ৯টা ৫০মিনিটে দেখা যাবে শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ আয়োজন। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে দেখবেন ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ। এছাড়াও থাকছে ইফতার পরবর্তী হামদ ও নাত। এবং সাহরিপূর্ব অনুষ্ঠান খতমে কুরআন।
মাহে রমজান উপলক্ষে আবারও আসছে দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু সিজন ৭’। এটি একটি ইসলামিক সাধারণ জ্ঞানের কুইজ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করা ৩২টি দল থেকে নক আউটের মাধ্যমে নির্বাচিত হবে চূড়ান্ত বিজয়ী। ‘জানার আছে অনেক কিছু সিজন ৭’ পরিচালনা করেছেন মেহেদি হাসান স্বাধীন এবং সঞ্চালনা করেছেন আয়ান জাহিন হোসেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন সকাল ৯টায় ও বিকেল ৫টায়। চ্যানেলটি প্রতিদিন দুপুর ১টায় ও বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার করবে ইফতার বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘বানাই ইফতার মা-বাবা আর আমি’। এছাড়াও সকাল ৭টায় ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’।
প্রতিবারের মতো এবারও একাধিক অনুষ্ঠান প্রচার করবে দীপ্ত টিভি। প্রতিদিন বেলা ৩টা ৫০ মিনিটে প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘মজার রান্না’। ইফতার, রাতের খাবার ও সাহরিতে খাওয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখানো হবে এ অনুষ্ঠানে। উপস্থাপনা করবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন। আরেক অভিনেত্রী রিচি সোলায়মান উপস্থাপনা করবেন ‘শরবত সমাহার’। দীপ্ত টিভিতে রোজার প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিভিন্ন রকমের শরবত নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান। নানা ধরনের শরবতের রেসিপি দেখাবেন রিচি সোলায়মান। এ ছাড়া প্রতিদিন বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন শাবাবা ইসলাম, প্রযোজনায় গৌরব সরকার। রমজানে প্রতিদিন বিকেল ৪টা ৫মিনিটে প্রচারিত হবে রান্নার বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল কিচেন’। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ রাঁধুনিরা। রান্নার দায়িত্ব পালন করবেন ছয়জন শেফ মো. রাসেদ আহাম্মদ, জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা ও রাহিমা সুলতানা রিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মাহমুদা মাহা, প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন ও গৌরব সরকার।
আরটিভিতে দুপুর ২টা ১০মিনিটে প্রচারিত হবে সরাসরি ইসলামি আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’। দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে সরাসরি ইসলামি আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবল ‘ইসলামিক সমাধান’। বেলা ৩টা ২০মিনিটে প্রচারিত হবে ইফতার বিষয়ক অনুষ্ঠান ‘হেলদি ইফতার’ এবং ৩টা ৫০মিনিটে থাকছে ইসলামি ঐতিহাসিক স্থান ভ্রমণমূলক অনুষ্ঠান ‘আরাবী কাফেলা’। বরাবরের মতো এ রমজানেও বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’। পহেলা রমজান থেকে প্রতিদিন বিকাল ৬টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি। আল আমিন স্বপনের রচনায়, মামুন আব্দুল্লাহর পরিচালনায়, লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে আছেন নসরুল হক রনি, চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের, সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী। অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা, সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া আরও বেশ কয়েকটি অনুষ্ঠান দেখা যাবে চ্যানেলটিতে।