নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

শ্বশুরবাড়ি যাওয়ার পথে নবদম্পতির মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, একই সময়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নবদম্পতি ও এক স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে ডোমার উপজেলার গোমনাতি এলাকা থেকে মোটরসাইকেলে করে জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন নবদম্পতি পলাশ চন্দ্র রায় (২২) ও তাঁর স্ত্রী মনি রানী (১৯)। পথে হালকা বৃষ্টির মধ্যে গোলনা ইউনিয়নের দিঘির পাড় কোল্ড স্টোরেজসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা মালামালবোঝাই একটি মাহিন্দ্রা পিকআপের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমাউন কবির (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ওই ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুর ইসলামের একমাত্র ছেলে এবং রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে ফটোকপি করতে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমাউন। পথে জলঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি চালক ও হেলপারসহ আটক করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত