বাদ পড়ার শঙ্কা উড়িয়ে শেষ আটে পাকিস্তান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ এএম

অস্ট্রেলিয়ার মতো প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। ভারতের কাছে হারের পর নামিবিয়াকে হারাতেই হতো তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে। সেটা তারা করতে পেরেছে। নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠেছে পাকিস্তান।

শাহিন আফ্রিদির জায়গায় সালমান মির্জা এবং আবরার আহমেদের জায়গায় খাজা নাফায়কে দলে নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ফারহানের মারমুখী ব্যাটিংয়ে ৫ ওভারেই ৪০ রান তুলে ফেলে তারা। ষষ্ঠ ওভারের শুরুতে ১৪ রান করা সাইম আইয়ুব আউট হওয়ার পর সালমান আগা যোগ দিয়ে ৭ ওভারে ৬৭ রান যোগ করেন। ৩৮ রান করে সালমান আউট হন। এরপর সাধারণত বাবর আজম ব্যাট করলেও, তার জায়গায় খাজা নাফায়কে খেলতে দেখা যায়। তিনি ৫ রানে আউট হওয়ার পরও বাবর আজমকে দেখা যায়নি। নামেন শাদাব খান এবং তাকে সঙ্গে নিয়েই ৭১ রানের জুটি গড়েন ফারহান মাত্র ৭ ওভারে। ২২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন শাদাব।

৩৭ বলে ফিফটি করা ফারহান সেঞ্চুরি করেছেন ৫৭ বলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেহজাদের সেঞ্চুরিটি ছিল ৫৮ বলে। সেঞ্চুরির পথে ১১ চার ও চার ছক্কা মেরেছেন ফারহান। দ্বিতীয় পাকিস্তানি হিসেব টি- টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন তিনি। এর আগের সেঞ্চুরিটি ছিল আহমেদ শেহজাদের, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১১১* রান করেছিলেন শেহজাদ। ফারহানের করা সেঞ্চুরিটি এবারের বিশ্বকাপে তৃতীয়। এর আগে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা।

পাকিস্তানের চার স্পিনারের সম্মিলিত চাপে মূলত ভেঙে পড়ে নামিবিয়ার ইনিংস। মাঝের ওভারগুলোতে ম্যাচ চেপে ধরেন মোহাম্মদ নওয়াজ চার ওভারে ২২ রানে নেন একটি উইকেট। এরপর শেষ সাত উইকেটের পতনে বড় ভূমিকা রাখেন শাদাব খান ও উসমান তারিক। শাদাব ছিলেন পাকিস্তানের জয়ের গতি বাড়ানোর মূল চরিত্র। ব্যাটিংয়ে তাকে পাঁচ নম্বরে পাঠানো হয়, বাবর আজমের আগেই। ফারহানের সঙ্গে শেষ ছয় ওভারে তারা তোলেন ৭৮ রান। বল হাতে শাদাবের শিকার ১৯ রানে ৩ উইকেট। তবে সেরা সাফল্য রহস্যময় বোলার উসমান তারিকের। ১২তম ওভারে আক্রমণে এসে তারিক নামিবিয়ার শেষ দিকের ব্যাটারদের জন্য কার্যত দুর্বোধ্য হয়ে ওঠেন। ক্যারম বল ও দেরিতে ছাড়ানো লেগস্পিনে বিভ্রান্ত হয়ে পড়েন প্রতিপক্ষ ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত