ভিনদেশের সঙ্গে চাই ভারসাম্যপূর্ণ সম্পর্ক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

নতুন সরকারের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হবে ‘সবার আগে বাংলাদেশ।’ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, এ নীতি অনুযায়ী পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোসহ সব দেশের সঙ্গে সরকার সুসম্পর্ক বজায় রাখতে চায়।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সঙ্গে বৈঠকের পর খলিলুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন দায়িত্ব পালনের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন সাবেক এই পেশাদার কূটনীতিক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ সময় উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান বলেন, সরকার বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের দিকটি ব্যাপক পুনর্মূল্যায়ন করে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিটি ঠিক করেছে। এখন জাতীয় স্বার্থ রক্ষার জন্য দায়িত্বশীলতার দিকটি বিবেচনায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে। এক্ষেত্রে পাঁচটি মূল বিষয়ে সবসময়ই গুরুত্ব দেওয়া হবে, তা হলো সার্বভৌম সমতা, রাষ্ট্রগুলোর একে অপরের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় মর্যাদা ও সম্মান এবং পারস্পরিক সুবিধা। এ বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন, ‘আমরা শেষ সীমা পর্যন্ত আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব।’

নতুন সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার মতো সক্রিয়, সাহসী ও ইতিবাচক কূটনীতি পরিচালনা করতে চায়, এমনটি জানিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো নাগরিকদের ইচ্ছা ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটানো। আর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক হবে গঠনমূলক, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে উপকারী। যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা বা স্থবিরতা থাকে, তবে সেই বাধাগুলো দূর করে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকার কেবল রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, কোনো ব্যক্তিগত বা দলীয় বিবেচনার ভিত্তিতে নয়।

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ছিল। এখন এ বিষয়ে সরকার আরও বেশি মনোযোগী হবে। সরকার এ সমস্যার একটি দ্রুত, বাস্তবসম্মত ও টেকসই সমাধান চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত