মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৫৩), আব্দুল আওয়াল আনসারী (৪৭), মো. রফিক মিয়া (৪৫), শাহিনুর ইসলাম (৩৯) ও সরকার কবির উদ্দিন (৬১)।
মনির হোসেন তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। তিনি তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। আব্দুল আওয়াল আনসারী দক্ষিণ আয়নাপুর গ্রামের মৃত আব্দুল মজিদ আনসারীর ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।
মো. রফিক মিয়া আকাশী গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য। শাহিনুর ইসলাম চর সাটুরিয়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে, সরকার কবির উদ্দিন গওলা গ্রামের মৃত আনসার উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, পাঁচ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং বিস্ফোরক আইনের একটি মামলায় আটক দেখানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে এবং সাটুরিয়া ডাক বাংলোর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।