অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে। সেই সময়টাতে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা ছিল ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তারা করে দিয়ে গেছে। সুতরাং তাদের ভালো কাজের কৃতিত্ব দিতেই হবে। সরকার গঠনের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে গতকাল বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ‘যত দ্রুত সম্ভব’ স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, প্রয়োজন নেই। নির্বাচনের মাধ্যমে একটা সরকার হয়েছে। এটাই তো একটা বড় অর্জন। আমি তো মনে করি, এটা অনেক বড় একটা অর্জন। তিনি বলেন, আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, টু বিল্ড দ্য নেশন। বাংলাদেশের জন্য আমাদের প্রধানমন্ত্রীর প্রথম কথাটি ছিল, আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হচ্ছে আমাদের প্রধান উপাদান, যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে তৃণমূল পর্যায়ে। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে লোকাল গভর্নমেন্টে ছিলাম।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডায়নামিক একটা মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।’
আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) এটা অনেকটা ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। সবার সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারব।
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা অ্যাকসেপ্টেবল টু অল হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, প্রশ্নে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারে আলোচনার পর জানানো হবে।
মব জাস্টিসের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই।
