আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। বিচার বিভাগের কোনো বিচারক ও কর্মকর্তা দুর্নীতি করে পার পাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর গতকাল বুধবার প্রথম সচিবালয়ে তার দপ্তরে আসেন আসাদুজ্জামান। প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত আইনমন্ত্রী। উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
আইন ও বিচারমন্ত্রী এ সময় বলেন, ‘সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা। আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারক সৎ-অসৎ এই জায়গায় আমি দেখতে চাই না।’ তিনি বলেন, “যাদের মনে হবে যে, চাকরির টাকায় সংসার চলে না, যাদের এই টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই। তারা ওকালতি করুক, কারণ তাদের অবসরের পরে ওকালতি করার সুযোগ থাকে। এটা আমার ‘কমন মেসেজ’।” তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে করেন যে, দুর্নীতি করে পার পাবেন, এটা এখানে পাবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেব না, সঙ্গে একটি দুর্নীতির মামলাও দেওয়া হবে। এই বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।’
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দায়িত্ব পালনে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। মানুষের পাহাড়সমান যে প্রত্যাশা তা পূরণে নিরন্তর কাজ করে যাব।’ তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবনদানকারী শহীদদের মর্যাদা সংরক্ষণ ও তাদের আকাক্সক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।’ অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘দায়িত্ব গ্রহণ অনেক আনন্দের। পাশাপাশি নিজের মধ্যে দায়িত্ববোধ কাজ করতে হবে। মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে দেখতে চাই।’ জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা স্বাভাবিক গতিতে অব্যাহত থাকবে।’
আসাদুজ্জামানকে আসকের অভিনন্দন : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অ্যাডভোকেট আসাদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। গতকাল আসকের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসকের সাবেক সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সাবেক সদস্য এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তিন দশকের বেশি সময় ধরে মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে আসছেন। তার পেশাগত সততা, আইনি দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধ দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
